ছবি: সংগৃহীত
অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রাজধানী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
আজ (বৃহস্পতিবার) সকালে প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত এই জামিন বহাল থাকবে।
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার গণমাধ্যমকে বলেন, তানজিন তিশা শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। শাড়ির দাম কম থাকায় বিশেষ বিবেচনায় বাদীর সঙ্গে আপসের শর্তে ৫০০ টাকার বন্ডের বিনিময়ে আগামী ধার্য তারিখ পর্যন্ত এই জামিন দেওয়া হয়েছে। এর আগে তিশার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে ডিবির রিপোর্টে প্রমাণিত হয়েছে। তিশা দেশের একজন সেলেব্রিটি। তাঁকে অসংখ্য মানুষ ফলো করেন। কিন্তু তাঁর কাছে এ ধরনের প্রতারণার শিকার হওয়াটা দুঃখজনক। তাই আশা করি আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ নভেম্বর অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেন।
অভিযোগে বলা হয়, ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দিলেও পরবর্তীতে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়।
এদিকে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় দেখা যাবে তাঁকে। সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ।