রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০৩:৫৪ পিএম

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে তাঁর পক্ষে মনোনয়নপত্রটি জমা দেওয়া হয়।

মির্জা ফখরুলের প্রার্থিতার প্রস্তাবক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তাঁকে সমর্থন করেছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার আগে তিনি বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীসহ দলের সব ধরনের পদ থেকে পদত্যাগ করেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির উচ্চপর্যায়ের বৈঠকে তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়ন ফর্ম কেনা হলেও শেষ পর্যন্ত একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরাই এ নির্বাচনের ভোটার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান।

Link copied!