এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২৬, ০৪:৩৫ পিএম

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে মঙ্গলবার (১১ আগস্ট)। শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করতে পারবেন। নির্ধারিত নিয়মে আবেদন করে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে।

পুনর্নিরীক্ষণের আবেদন করতে প্রথমে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত ঘরে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে একটি মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএস পাঠানো হবে।

এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে। আর দ্বিপত্রবিশিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

বিষয় নির্বাচন শেষে পরবর্তী স্ক্রিনে মোট প্রদেয় ফিয়ের পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে এ ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত প্রক্রিয়া জানতে ওই পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করতে হবে।

ফি পরিশোধের পর পুনরায় আবেদনের পোর্টালে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পরও অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করার সুযোগ থাকবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জন করতে চাইলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।

তবে কোনো বিষয়ের ফি একবার জমা দেওয়ার পর সেটি আর বাতিল করা যাবে না। একই সঙ্গে পরিশোধ করা ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না। পুনর্নিরীক্ষণের জন্য কোনো ধরনের ম্যানুয়াল আবেদনও গ্রহণ করা হবে না।

এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) প্রকাশ হয়েছে। এবার পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর হার গতবারের তুলনায় কমেছে। এ বছর গড়ে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পরীক্ষার্থী।

Link copied!