জুলাই ১৪, ২০২৬, ১১:০৪ পিএম
আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ (মঙ্গলবার) সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু এবং পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা, পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় কমানো সম্ভব হবে। তিনি আরও বলেন, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন।
এরই মধ্যে জাতীয় সংসদে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।