জুলাই ১৪, ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৬৬৬ কোটি টাকার কর মওকুফ বা মামলা প্রত্যাহারের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
আজ (মঙ্গলবার) হাইকোর্টে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। গ্রামীণ কল্যাণের কর সংক্রান্ত মামলাটি এখনও হাইকোর্টে বিচারাধীন বলেও জানিয়েছেন তিনি।
ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চুক্তির ভিত্তিতে প্রাপ্ত মুনাফার ওপর গ্রামীণ কল্যাণ ইতোমধ্যে ১৫ শতাংশ হারে উৎস কর (ট্যাক্স অ্যাট সোর্স) পরিশোধ করেছে। তবে ২০১৭ সালে একজন জয়েন্ট কমিশনার তার এখতিয়ারের বাইরে গিয়ে বেআইনিভাবে একই অর্থের ওপর পুনরায় ৬৬৬ কোটি টাকা কর আরোপ করেন বলে দাবি করেন তিনি।
তিনি জানান, ওই কর আরোপের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা দুটি রিট মামলা বর্তমানে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।
এছাড়া ব্যারিস্টার মামুন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব গ্রহণের পরই ড. ইউনূস গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এসব প্রতিষ্ঠান কোম্পানি আইনের ২৮ ধারার অধীনে পরিচালিত অলাভজনক সংস্থা এবং এর কোনো ব্যক্তিমালিকানা নেই। তাই কর ফাঁকি বা মওকুফের বিষয়ে গণমাধ্যমে প্রচারিত খবরগুলো সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর।