চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর অফিসে ভাঙচুর-লুটপাট, যুবদল নেতা ব্রাইটসহ আটক ২

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৬, ০১:২৯ পিএম

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর অফিসে ভাঙচুর-লুটপাট, যুবদল নেতা ব্রাইটসহ আটক ২

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন দর্শনা থানা যুবদলের সদস্য রকিবুল ইসলাম ব্রাইট ও কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ অমিন। এ ঘটনায় ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে গতকাল রাতে দর্শনা থানায় মামলা করেছেন।

মামলার এজাহার ও ব্যবসায়ীর অভিযোগ সূত্রে জানা যায়, আমদানি করা পাথরের একটি চালানের পণ্য খালাসের কাজ নিয়ে আরেক সিঅ্যান্ডএফ এজেন্ট মোহাম্মদ রায়হানের সঙ্গে রফিকুল ইসলামের বিরোধ তৈরি হয়। এর জেরে একটি চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ তার। বৃহস্পতিবার রাতেও ফোন করে ১০ লাখ টাকা দাবি করা হয় এবং পরদিন টাকা না দিলে অফিসে হামলা ও লুটপাটের হুমকি দেওয়া হয়।

রফিকুল ইসলামের দাবি, শুক্রবার দুপুরে দর্শনা রেলগেট এলাকায় তার অফিসে লাঠিসোঁটা নিয়ে একদল লোক হামলা চালায়। হামলাকারীদের কয়েকজন মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

তার অভিযোগ, হামলাকারীরা অফিসের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফটোকপি মেশিনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তার কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকারও চেষ্টা করা হয়। অফিসে থাকা ২৩ লাখ ৩০ হাজার টাকা এবং স্বাক্ষর করা দুটি ব্যাংক চেকও লুট করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান ঘটনাস্থলে যান। পরে জড়িত সন্দেহে চারজনকে থানা হেফাজতে নেওয়া হয়। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাদের মধ্যে ব্রাইট ও অমিনকে আটক দেখানো হয়েছে।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটক দুজনের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও চাঁদাদাবির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Link copied!