১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৬, ১২:৩৭ পিএম

১৮ কোটি মানুষের অধিকার  আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের লংমার্চ ১৮ কোটি মানুষের পক্ষে। জনগণ গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে ভুগছে। অথচ এসব সেবা ঠিকমতো না পেলেও তাদের নিয়মিত বিল দিতে হচ্ছে। 

জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন। অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির।
সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এ লংমার্চ সাধারণ মানুষের। সরকার এতে বাধা দিলে তা উপেক্ষা করেই লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। ১১ দলের ছয় দফা দাবি তখন এক দফায় পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সরকারের সমালোচনা করে বলেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার ব্যর্থ হয়েছে। বরং দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং দেওয়া প্রতিশ্রুতিগুলোও পূরণ করেনি। তিনি সংসদে ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান।
সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়।

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ উদ্বোধনী বক্তব্য দেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

সমাবেশ শেষে সকাল সাড়ে ৮টার দিকে শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হয়। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা হওয়ার কথা রয়েছে। কর্মসূচির শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

Link copied!