সমতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: ভারতীয় হাইকমিশনার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২৬, ০২:১৩ পিএম

সমতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ও ভারতকে সমান মর্যাদার দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে উল্লেখ করে পারস্পরিক সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশই স্বাধীন ও সার্বভৌম। কোনো দেশই বড় বা ছোট নয়। এই সমতার ভিত্তিতেই ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া হবে।

দুই দেশের তরুণ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করা সরকারগুলোর দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত পরস্পরের ওপর নির্ভরশীল। তাই দুই দেশের পারস্পরিক নির্ভরশীলতাই দীর্ঘমেয়াদে সম্পর্কের স্থায়ী ভিত্তি হতে পারে।

পোশাক খাতে দুই দেশের যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্ব দেন ভারতীয় হাইকমিশনার। এ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে যৌথ বিনিয়োগ বা জয়েন্ট ভেঞ্চার গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

সাক্ষাতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

দুই দেশের স্থলবন্দর ও সীমান্ত হাট পুনরায় চালুসহ বাণিজ্যিক যোগাযোগ আরও বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

 

Link copied!