আগস্ট ২৪, ২০২৬, ০১:৩১ পিএম
ছবি: সংগৃহীত
সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ডাক বিভাগ। একই সঙ্গে ই-কমার্স ও লজিস্টিক সেবা বাড়াতে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার চালুর প্রস্তুতিও চলছে।
ডাক অধিদপ্তর জানিয়েছে, চিঠি আদান-প্রদানের প্রচলিত সেবার বাইরে আধুনিক লজিস্টিকস, ডিজিটাল সেবা ও পণ্য পরিবহনে নিজেদের কার্যক্রম বাড়ানোর লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরকে গুরুত্ব দিয়ে সাতটি খাতে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
এর মধ্যে উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস পরিচালনার উদ্যোগটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে পিকআপ ও ডেলিভারি সেবা চালু করা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্ধারিত নিয়মের আওতায় যুক্ত করে পণ্য সংগ্রহ ও পৌঁছে দেওয়ার কাজ পরিচালনা করা হবে।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে ডাক বিভাগকেও আধুনিক ও জনবান্ধব লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি মডেল চালু হলে ডাক বিভাগের প্রচলিত নেটওয়ার্কের বাইরেও সেবা পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ডাক বিভাগের কর্মকর্তারা জানান, উদ্যোক্তাদের সঙ্গে চুক্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো পরিচালিত হবে এবং পুরো কার্যক্রম থাকবে ডাক বিভাগের তত্ত্বাবধানে। কোনো প্রতিষ্ঠান বা উদ্যোক্তা নিয়ম ভঙ্গ করলে কিংবা সেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে চুক্তি বাতিল করা হবে।
এদিকে চলতি মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে ৩১২ টনের বেশি মৌসুমি ফল সংগ্রহ করে গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছে ডাক বিভাগ। আমের জন্য পরিচিত রাজশাহী ছাড়াও সাতক্ষীরা, খাগড়াছড়িসহ বিভিন্ন জেলা থেকে ফল পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এতে ছোট ও প্রান্তিক উদ্যোক্তারা বেশি সুবিধা পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ডিজিটাল সেবার ক্ষেত্রেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক মামলার নোটিশ ও সংশ্লিষ্ট নথি ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর কারিগরি সংযুক্তি সম্পন্ন হয়েছে। পাশাপাশি ডাক জীবন বীমার প্রিমিয়াম ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে সংগ্রহের ব্যবস্থাও প্রস্তুত করা হয়েছে। ফলে গ্রাহকদের বীমার প্রিমিয়াম দিতে পোস্ট অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না।
ডাকসেবার আধুনিকায়নে দেশের বিভিন্ন পোস্ট অফিসে ৬ হাজার অ্যান্ড্রয়েড মোবাইল, ৬ হাজার থার্মাল প্রিন্টার ও ৫০০ কম্পিউটার সরবরাহ করা হচ্ছে। মেইল ব্যবস্থাপনা ও নজরদারির জন্য তিনটি সফটওয়্যার তৈরির কাজও চলছে।
পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে ডাক বিভাগের বহরে ইতোমধ্যে ৫০টি ইলেকট্রিক বাইক যুক্ত হয়েছে। পাশাপাশি সর্বজনীন ডাক ইউনিয়ন (ইউপিইউ) থেকে পাওয়া ৩৩টি নতুন ডেলিভারি মেইল ভ্যানও বিভিন্ন রুটে যুক্ত করা হয়েছে।
তবে ডাক বিভাগের আধুনিকায়নের সবচেয়ে বড় উদ্যোগগুলোর একটি হচ্ছে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার। ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসার পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, বাছাই, পরিবহন ও সরবরাহের সুবিধা দিতে এসব কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
তেজগাঁও, গোপালগঞ্জ, ঈশ্বরদী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, রংপুর, বরিশাল, দিনাজপুর, হবিগঞ্জ, কুষ্টিয়া ও যশোরে এসব ফুলফিলমেন্ট সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রগুলোর স্থাপনা নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রশাসনিক ও প্রক্রিয়াগত কিছু কাজ শেষ হলেই এগুলোর কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
ডাক বিভাগের কর্মকর্তাদের আশা, এসব উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হলে প্রচলিত ডাকসেবার পাশাপাশি ই-কমার্স ও লজিস্টিক খাতেও সরকারি প্রতিষ্ঠান হিসেবে ডাক বিভাগের ভূমিকা আরও বাড়বে।