ছবি: সংগৃহীত
ঢাকায় অবস্থিত চীন ও রাশিয়ার দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির বার্তা পাঠানোর ঘটনায় বারিধারা ও গুলশানের পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ (রোববার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। কূটনৈতিক রীতি অনুযায়ী, দূতাবাসগুলো প্রথমে বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি জানানো হয়।
এর পরপরই কূটনৈতিক এলাকায় নজরদারি ও মনিটরিং বাড়ানো হয়েছে। দূতাবাস ও আশপাশের এলাকায় প্রচলিত নিরাপত্তা ব্যবস্থাও আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হুমকির উৎস সম্পর্কে আবু খায়ের বলেন, বিষয়টি নিয়ে এখনো থানায় লিখিত কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি কোনো ভুয়া ই-মেইল বা স্ক্যাম হতে পারে।
লিখিত অভিযোগ না হলেও সম্ভাব্য ঝুঁকি এড়াতে কূটনৈতিক এলাকার নিরাপত্তায় কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।