আগস্ট ২২, ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় মিছিল চলাকালে ওই ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, মাঝিগাতি গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ, চর সোনাকুড় গ্রামের শারাফত শেখের ছেলে মেহেদী হাসান এবং রমজান আলীর ছেলে হৃদয় খান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ছয়জনকে আটক করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল বের করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মিছিলে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।