বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ০৬:১৪ পিএম

বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের  ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের

অমিত শাহ, ছবি: সংগৃহীত।

ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) অধীনে আবেদন করা যোগ্য ব্যক্তিদের আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে এক সভায় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সভায় অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের মধ্যে যারা সিএএর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে। এটি তার প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। ইতোমধ্যে রাজ্যের আটটি জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরকে সিএএর আওতায় যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

সব যোগ্য শরণার্থীকে সম্মানের সঙ্গে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দেন অমিত শাহ।

এর আগে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ডিস্ট্রিক্ট কালেক্টরদের সিএএর অধীনে থাকা আবেদনগুলো নিষ্পত্তির ক্ষমতা দেয়। এর আগে এসব আবেদন কেন্দ্রীয় সরকারের শুমারি, গোয়েন্দা ব্যুরো (আইবি) ও ডাক বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করা হতো।

এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার সমালোচনা করেন অমিত শাহ। তিনি বলেন, সিএএ চালুর সময় মমতা বন্দ্যোপাধ্যায় আইনটি নিয়ে তাকে উপহাস করেছিলেন এবং পশ্চিমবঙ্গে এটি কার্যকর করতে দেবেন না বলে জানিয়েছিলেন।

অমিত শাহ আরও বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সিএএ কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বিতাড়িত করার কথাও বলেন তিনি।

Link copied!