ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ০৫:৫৯ পিএম

ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ রুটে দ্রুত কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন তিনি। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য তিনটি সম্ভাব্য রুট নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল-রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে ভোলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এর মাধ্যমে যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সুযোগও বাড়বে। তাই ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, নির্ধারিত রুটে কিছু বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন সড়ক নির্মাণ করা হবে। এ ছাড়া তিনটি ছোট সেতুও নির্মাণের প্রয়োজন রয়েছে। প্রকল্প বাস্তবায়নের আগে এর সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে।

সড়ক যোগাযোগ চালু হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতে সময় ও ব্যয় কমার পাশাপাশি পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নদীবেষ্টিত ভোলার মানুষের যোগাযোগে দীর্ঘদিন ধরে নৌপথের ওপর নির্ভরতা রয়েছে। সড়ক যোগাযোগ স্থাপিত হলে এই নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

সভায় বলা হয়, হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটের অন্যতম সুবিধা হলো তুলনামূলক কম দূরত্ব, সময় ও ব্যয়। ফলে ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগের ক্ষেত্রে এটি কার্যকর একটি বিকল্প পথ হিসেবে গড়ে উঠতে পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Link copied!