ছবি: সংগৃহীত
ভোলার আলীনগর এলাকায় পাঁচ বছর আগে স্বামীকে কুপিয়ে হত্যার পর মরদেহ কয়েক টুকরা করার দায়ে স্ত্রী নুরুন্নাহার বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে ভোলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় দেন। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত নুরুন্নাহার বেগমকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৩ অক্টোবর রাতে ফরহাদ হোসেন টিটু (৪০)কে তার দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার বেগমের বাড়িতে ডেকে নেওয়া হয়। পরদিন সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ওই বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে নুরুন্নাহার বেগমসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তবে তদন্ত শেষে অপর পাঁচ আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে পুলিশ।
মামলার বিচার চলাকালে নুরুন্নাহার বেগম দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পান তিনি। মামলার সর্বশেষ শুনানির দিন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত তাকে পুনরায় জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
উভয় পক্ষের শুনানি শেষে মঙ্গলবার আদালত নুরুন্নাহার বেগমকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলহাজ্ব হাবিবুর রহমান (বাচ্চু) বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। বিচারকের দেওয়া রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী উভয়ই সন্তুষ্ট।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আলহাজ্ব মো. এনামুল হক।