সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষক্রিয়ায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: আমির খসরু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ০৭:১৫ পিএম

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষক্রিয়ায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: আমির খসরু

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার। তদন্তে কারও দায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (শুক্রবার) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং আহত শ্রমিকদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, তদন্ত করে যা পাওয়া যাবে, তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে-বিপক্ষে কিছু নেই।

এ সময় সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রিন ইয়ার্ডের কমপ্লায়েন্সের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এর আগে, শুক্রবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় কয়েকজন শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শ্রমিকদের স্বজনদের অভিযোগ, শিপইয়ার্ডগুলোতে নিরাপত্তামূলক সরঞ্জামের অভাব এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

Link copied!