মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী মাস থেকে ট্রেন চলাচলের সময় ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে। এর ফলে মেট্রোরেলের শেষ ট্রেন রাত ১১টায় ছাড়বে।
এ ছাড়া শেষ ট্রেনগুলোর মধ্যে বর্তমানে থাকা ২০ মিনিটের বিরতি কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
ডিএমটিসিএল সূত্র জানায়, রাতে ট্রেন চলাচলের সময় বাড়াতে অতিরিক্ত চালক বা অপারেটর প্রয়োজন হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। তাঁদের প্রশিক্ষণ চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। প্রশিক্ষণ শেষে নতুন অপারেটরদের দিয়ে ট্রেন পরিচালনা শুরু করা হবে।
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হলে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ কীভাবে সম্পন্ন করা হবে, সে বিষয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানা গেছে।
এর আগে গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল। তবে এ সময়ের মধ্যে যাত্রী সংখ্যা প্রায় ১০ হাজার বেড়ে যাওয়ায় মেট্রোরেলে এখনো ব্যাপক ভিড় হচ্ছে।
বিশেষ করে রাতে শেষ ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে আবারও চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডিএমটিসিএল।