আগস্ট ১৪, ২০২৬, ০৬:৫৫ পিএম
নাহিদ ইসলাম | ফাইল ছবি
বিএনপির সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে দ্রব্যমূল্য ও চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ অভিযোগ করেন।
গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস ও বিদ্যুতের দামসহ দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করে এনসিপি। এতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম বেড়েছে। চাঁদাবাজিও বেড়েছে। এ সরকার কথা রাখেনি। যা বলেছিলেন তা রাখেনি, প্রতারণা করেছে। বিশ্বাসঘাতকতা করেছে। তাই তাদেরকে প্রতারক বলতে পারি।
দেশে বিদ্যুৎ সংকট অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, সরকার ব্যাংক লোপাটকারী ও দুর্নীতিবাজদের সুবিধা দিচ্ছে। কৃষি কার্ড ও হেলথ কার্ড বিএনপির সংগঠনের নেতাকর্মীরা পেলেও সাধারণ মানুষ তা পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে ব্যর্থ হলে এনসিপি সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না। একইভাবে গ্যাস, বিদ্যুৎ ও তেলের সংকট সমাধান করতে না পারলেও সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দেশের জনগণ সুরক্ষিত নয় বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ।
তিনি বলেন, গ্যাস বিদ্যুৎ, তেলের সংকট কমাতে না পারলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এ সরকারকে। কোনো অজুহাত চলবে না।