বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২৬, ০৫:২১ পিএম

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিরোধী দলের সাম্প্রতিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের কথাবার্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার ভাষার প্রতিফলন দেখা যাচ্ছে।

রোববার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ‘চা-ঘর’ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দল আগের মতোই ভূমিকা নিয়ে কথা বলছে এবং গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন সংকট দ্রুত সমাধানের দাবি জানানো হলেও এসব সমস্যা সমাধানে সরকারকে সময় দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ওই সরকারের আমলে প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। গুম, খুন ও নির্যাতনের মতো ঘটনাও ঘটেছে। তাঁর দাবি, বর্তমানে দেশের মানুষ তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে স্বস্তি অনুভব করছে।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ওই যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় ৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

দ্রব্যমূল্য প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়ে। এ কারণে কিছু পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকেরা স্বাধীনভাবে কথা বলতে বা লিখতে পারতেন না; বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

বিরোধী দলের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য এমন রাজনৈতিক ভাষা গ্রহণযোগ্য নয়। সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং দেশের অগ্রগতির জন্য কাজ করে যেতে চায়।

অনুষ্ঠানে লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর উদ্বোধন করা হয়। এ প্রকল্পের আওতায় ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে ২৫টি ‘চা-ঘর’ তুলে দেওয়া হয়।

লাভ শেয়ার বিডির চেয়ারম্যান জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Link copied!