সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২৬, ০৫:৩২ পিএম

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় চলচ্চিত্রের খল অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। তিনি জানান, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশের সদস্যরা ডনকে গ্রেপ্তার করেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে নিজেদের হেফাজতে নেয়।

সালমান শাহের মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর এ ঘটনাকে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

আদালতের নির্দেশের পর ২০২৫ সালের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর কারণ নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ও আলোচনা ছিল। দীর্ঘ তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করে। তবে ওই সিদ্ধান্ত মেনে নেয়নি সালমান শাহের পরিবার ও ভক্তদের একটি অংশ।

পরবর্তীতে আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে নেওয়া হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

ডন হককে গ্রেপ্তারের পর মামলার তদন্তে নতুন কোনো তথ্য বা প্রমাণ সামনে আসে কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

Link copied!