রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২৬, ০৪:০৮ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসরণ করে স্পিকারের সঙ্গে আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। আর একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট হবে।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকাও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

Link copied!