শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ০৬:৪১ পিএম

শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

ছবি: কোলাজ/ দ্য রিপোর্ট ডট লাইভ

ক্ষতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেছেন, এর কোনো বিকল্প হবে না।

আজ (সোমবার) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিবির মুক্তিযোদ্ধা স্মৃতি হলে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। মুজিববাদের পতন হয়েছে, আর এর উত্থান হবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের একদফা আন্দোলনের প্রকৃত রূপকার জুলাইয়ের শহীদ ও আহতরা।

ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, দেশে আমলাতান্ত্রিক দলীয়করণ, চাঁদাবাজি ও দুর্নীতি আবারও হচ্ছে। দেশের পরিবর্তন শুধু লন্ডনগামী ব্যক্তিদের হয়েছে। গত দুই বছরে দেশের যে অগ্রগতি হয়েছিল, সরকারের পাঁচ মাস হলেও তার প্রভাব ছিল। কিন্তু উন্নয়নের পরিবর্তে সংস্কারে বাধা দেওয়া হয়েছে। সরকার জুলাই যোদ্ধাদের জন্য কিছু করেনি বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সংস্কারের জন্য নতুন সংবিধানের প্রয়োজন হলে সেই সংবিধান করতে হবে।

তিনি আরও বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বৈষম্যহীন দেশ গড়তে এবং পরিবর্তনের জন্য তারা কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে জুলাই গণহত্যার বিচারসহ অন্যান্য বিচারের রোডম্যাপের দাবি জানান এনসিপির আহ্বায়ক।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি, শহীদ জাবেরের মা রোকেয়া বেগম এমপি এবং জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এমপি।

Link copied!