ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পথে আরবি লিপজিগের উইঙ্গার ইয়ান দিওমান্দে। ব্যক্তিগত শর্তে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর তার দলবদলের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) আগ্রহ থেকে সরে দাঁড়ানোর পরই রিয়ালের সঙ্গে চুক্তির পথ আরও সহজ হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
মাত্র ১৯ বছর বয়সী আইভরি কোস্টের এই আন্তর্জাতিক ফুটবলারকে দলে ভেড়াতে ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব আগ্রহ দেখিয়েছিল। সেই তালিকায় ছিল লিভারপুল ও পিএসজিও। তবে শেষ পর্যন্ত কোনো ক্লাবই তাকে দলে টানতে পারেনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে লিভারপুলের দেওয়া ৬ কোটি ৯০ লাখ পাউন্ডের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করে আরবি লিপজিগ। এরপর রোববার পিএসজির ১০ কোটি ২৫ লাখ পাউন্ডের প্রস্তাবও ফিরিয়ে দেয় জার্মান ক্লাবটি।
এরপর বিভিন্ন গণমাধ্যম জানায়, রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে দিওমান্দের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে। পাঁচ বছরের চুক্তিতে সই করতে যাচ্ছেন এই তরুণ উইঙ্গার, যা তাকে ২০৩১ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে রাখবে।
আগামী সপ্তাহে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে এবং আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করতে মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে দিওমান্দের।
গত গ্রীষ্মে স্প্যানিশ ক্লাব লেগানেস থেকে পাঁচ বছরের চুক্তিতে লিপজিগে যোগ দিয়েছিলেন তিনি। এবার তাকে দলে ভেড়াতে বোনাসসহ মোট ১০ কোটি ইউরোর বেশি পরিশোধ করবে রিয়াল মাদ্রিদ।
দিওমান্দেকে জার্মানিতেই রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিল লিপজিগ। তবে বিশ্বের অন্যতম বড় ক্লাবে খেলার ইচ্ছা ছিল এই আইভরিয়ান ফুটবলারের। পাশাপাশি ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ এবং সম্ভাব্য রেকর্ড অঙ্কের ট্রান্সফার ফি প্রত্যাখ্যান করাও লিপজিগের জন্য কঠিন হয়ে উঠেছিল।
২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখান দিওমান্দে। বুন্দেসলিগায় ১২টি গোলের পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।
২০২৫ সালে নিজ দেশ আইভরি কোস্ট থেকে যুক্তরাষ্ট্রের একটি ফুটবল একাডেমিতে যোগ দেন দিওমান্দে। সেখান থেকে পরবর্তীতে স্প্যানিশ ক্লাব লেগানেসে পাড়ি জমান এবং এরপর লিপজিগে যোগ দেন।