রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ছবি: সংগৃহীত
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন।
আজ (শুক্রবার) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগপত্রে স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তাঁর পদত্যাগের দাবি ওঠে।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী পাঁচ বছর তিনি এ পদে বহাল থাকতে পারেন। সে হিসাবে মো. সাহাবুদ্দিনের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকার কথা ছিল। একই ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। রাষ্ট্রপতির পদ বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ।