জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করবেন কিনা, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ (শুক্রবার) দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কিনা—এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে স্পিকার বলেন, আপনারা যেরকম শুনেছেন আমিও সেরকমই শুনেছি। উনি (রাষ্ট্রপতি) কী করবেন না করবেন, আমি জানি না। কাল আমার মেডিকেল চেকআপ শেষ হয়েছে, তাই ফিরে এসেছি।
তিনি আরও বলেন, আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করল, কী করল; আমার কিছুই জানা নাই। এখন হয়তো জানতে পারব।
স্পিকার জানান, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে করবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে অস্থায়ীভাবে স্পিকার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন। সংবিধান অনুযায়ী, সংসদকেই রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।