জুলাই ২৪, ২০২৬, ০২:৩০ পিএম
ছবি: সংগৃহীত
প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি এবং আইনি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা।
তবে বৈঠকের আগে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও সোনম ওয়াংচুক অনশন ভাঙলেও শিক্ষার্থীদের মূল দাবিতে কোনো পরিবর্তন আসেনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই তারা আলোচনায় বসবেন।
সিজেপির মুখপাত্র সৌরভ দাস শুক্রবার বলেন, প্ল্যাটফর্মের দাবিগুলো একই আছে এবং সেটি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার খোলা মনে বিক্ষোভকারীদের উদ্বেগের কথা শুনবে।
এর আগে বৃহস্পতিবার সংগঠনের আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা ভারতজুড়ে শুক্রবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। এর কয়েক ঘণ্টা পর গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুক্রবার মন্ত্রিসভায় আদালতের প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে আলোচনা করবেন।
নরেন্দ্র মোদি আরও বলেন, বিষয়টির ওপর মন্ত্রিসভার পরামর্শ অন্তর্ভুক্ত করার পর খসড়া আইন চূড়ান্ত করা হবে। যত দ্রুত সম্ভব বিলটি সংসদে পাস করানোর চেষ্টা করা হবে।
শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভকারী ও নাগরিক সমাজের চাপ বাড়তে থাকায় বিষয়টিতে হস্তক্ষেপ শুরু করেছেন নরেন্দ্র মোদি। আন্দোলনের সমর্থনে অনশন করা সমাজকর্মী সোনম ওয়াংচুকও বৃহস্পতিবার রাতে মন্ত্রীদের উপস্থিতিতে অনশন ভেঙেছেন।
পরে এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক জানান, সরকার তাঁকে আশ্বাস দিয়েছে যে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
তিনি আরও জানান, সরকারের আশ্বাস অনুযায়ী শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি বাড়াতে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে।