আটকের ২ ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ পার্টির

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ১২:২৮ পিএম

আটকের ২ ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ পার্টির

ছবি: সংগৃহীত

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। পরে পুলিশ তাদের আটক করলেও প্রায় দুই ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টি (সিজেপি) নামের একটি সংস্কারপন্থী সংগঠনের ডাকে রাজধানীর যন্তর মন্তর থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার কংগ্রেসসহ কয়েকটি বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। পরে রাহুল ও প্রিয়াঙ্কাসহ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। তবে প্রায় দুই ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়।

এর আগে সোমবার সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়। এতে শতাধিক পুলিশ সদস্য এবং বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

সম্প্রতি নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। সোমবার সংসদ ভবন ঘেরাও কর্মসূচি পালন করে সিজেপি। সংগঠনটি জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Link copied!