জুলাই ২২, ২০২৬, ০১:১৪ পিএম
ছবি: সংগৃহীত
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর ফলে গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের।
বুধবার সকালে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, চালু থাকা স্টেশনগুলোর সামনে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। অনেক চালক জানান, তিন থেকে চার ঘণ্টা অপেক্ষার পরও চাহিদামতো গ্যাস পাওয়া যাচ্ছে না।
গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস জানিয়েছে, মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫০ এমএমসিএফডি এলএনজি সরবরাহ কমে গেছে। এর প্রভাব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের গ্যাস সরবরাহে পড়েছে এবং অনেক এলাকায় গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, টার্মিনালের ত্রুটি দ্রুত মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে আকস্মিক এই সংকটে ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালক ও যাত্রীরা। অনেক চালক বলছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় তাদের আয় কমে যাচ্ছে এবং যাত্রীসেবাও ব্যাহত হচ্ছে।