দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
আজ (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৭০২ শিশু। এ ছাড়া হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৯৭ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩০ শিশু হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ৮৭৮ জন। একই সময়ে ১ হাজার ২১৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৮৭৯ শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮।
এ সময়ে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।