জুলাই ১৫, ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তবে সেখানে পৌঁছানোর পর তারা পুলিশি ব্যারিকেডের মুখে পড়েছেন। আজ (বুধবার) বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছান।
শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করছেন।
এর আগে তিন দফা দাবিতে রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা ৩টার দিকে সায়েন্সল্যাবে অবস্থানরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে সচিবালয়ে অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। এ সময় মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে সায়েন্সল্যাব, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এর আগে মঙ্গলবার শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় বুধবার আবারও তারা উত্তরায় বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, মিরপুর-১০ গোলচত্বর এবং ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন। এ দাবিতে মঙ্গলবার রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়।
এ ছাড়া মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।