প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই পথচারী নারীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৬, ০১:১৭ পিএম

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই পথচারী নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচারী নারী ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন।

আজ (শুক্রবার) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশে হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ফিরোজা বেগম রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে ধানক্ষেতে গিয়ে পড়ে।

দুর্ঘটনার পর পথচারী ও স্থানীয় লোকজন প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী এবং গাড়ির চালককে উদ্ধার করেন। এ ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। গাড়ির চালকও আহত হয়েছেন।

নিহত ফিরোজা বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম হোসেন সমকালকে ফিরোজা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আব্দুল বারী জয়পুরহাটে দুইদিনের সরকারি সফরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাঁকে কালাই পৌর শহরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই বাড়িতেই অবস্থান করছেন।

দুর্ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে। এতে হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, প্রতিমন্ত্রীর গাড়ি জয়পুরহাটে যাওয়ার পথে এক পথচারী রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আঘাত পেয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় এক নারী পথচারী গুরুতর আহত হন। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বর্তমানে প্রতিমন্ত্রী তাঁর কালাইয়ের বাসায় অবস্থান করছেন।

Link copied!