ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভাজন অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনের কারণে সাময়িক বরখাস্তের পর লঘুদণ্ড পাওয়া কর্মকর্তাদের শাস্তি মওকুফ করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের বিরুদ্ধে শাস্তির আদেশ দেওয়া হয়েছিল।
আজ (রোববার) এ বিষয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। প্রজ্ঞাপনগুলোতে লঘুদণ্ডপ্রাপ্ত ২১ কর্মকর্তার শাস্তি মওকুফের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিব স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, রাষ্ট্রপতির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের শাস্তি মওকুফ করা হয়েছে।
এর আগে গত ১৮ আগস্ট রাজস্ব সম্মেলনে এনবিআর কর্মকর্তারা তাদের বিরুদ্ধে দেওয়া শাস্তি প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানান।
একই সঙ্গে তারা এখনও নানা ধরনের শাস্তির ভয়ে রাজস্ব আদায় বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেন। এ সময় সরকারপ্রধান অতীত ভুলে তাদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সেখানেই শাস্তি মওকুফের আশ্বাস দেওয়া হয়।
এসব কর্মকর্তার বিরুদ্ধে আন্দোলনে সংগঠকের ভূমিকা পালন করাসহ নানা অভিযোগে মূল বেতন দুই ধাপ বা তারও বেশি কমানোর শাস্তি দেওয়া হয়েছিল।
দণ্ড বাতিল করা কর্মকর্তারা হলেন—
- শাহাদাত জামিল, দ্বিতীয় সচিব (উপ-কমিশনার), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।
- শফিউল বশর, রাজস্ব কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়নগঞ্জ।
- সবুজ মিয়া, রাজস্ব কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকা।
- সাইদুল ইসলাম, উপ-কমিশনার, কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, খুলনা।
- জাকির হোসেন, কমিশনার (চলতি দায়িত্ব), কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম।
- সানোয়ারুল কবির, যুগ্ম কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম।
- সাধন কুমার কুন্ডু, অতিরিক্ত কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুর।
- আ আ ম আমীমুল ইহসান খান, অতিরিক্ত কমিশনার, কাস্টমস হাউস, চট্টগ্রাম।
- সিফাত-ই-মরিয়ম, অতিরিক্ত কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশানরেট, ঢাকা (পশ্চিম), ঢাকা।
- হাছান মুহম্মদ তারেক রিকাবদান, অতিরিক্ত কমিশনার, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা।
- জিল্লুর রহমান, উপকর কমিশনার, কর অঞ্চল-খুলনা।
- ইমাম তৌহিদ হাসান শাকিল, উপকর কমিশনার, কর অঞ্চল-২১, ঢাকা।
- মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর।
- মোনালিসা শাহরীন সুস্মিতা, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ময়মনসিংহ।
- মামুন মিয়া, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-যশোর।
- চাঁদ সুলতানা চৌধুরানী, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-গাজীপুর।
- সুলতানা হাবীব, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-২২, ঢাকা।
- মুরাদ আহমেদ, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল যশোর।
- মাসুমা খাতুন, যুগ্ম কর কমিশনার, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা।
- মোরশেদ উদ্দীন খান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ফরিদপুর।