সেপ্টেম্বর ৫, ২০২৬, ০১:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
সরকারি দফতরগুলোতে সোলার এনার্জির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী সোলার পাওয়ারের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভবনটি শতভাগ সোলার এনার্জির আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সরকারি দফতরেও যতটা সম্ভব সৌরবিদ্যুৎ ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।
জ্বালানি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ বিষয়ে চীন, জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি দেশে এলএনজির সরবরাহ বাড়ানোর জন্যও বিভিন্নভাবে কাজ করা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি দেখিয়েছে, জ্বালানি কিংবা অন্য কোনো পণ্যের ক্ষেত্রে একটি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে। এ কারণে জ্বালানি উৎসে বৈচিত্র্য আনার চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, আফ্রিকার দেশগুলোতেও সম্ভাব্য জ্বালানি উৎসের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আফ্রিকা মহাদেশ নিয়ে তিনি ব্যক্তিগতভাবেও কাজ করছেন বলে জানান।
জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী এবারই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। সেখানে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে দেশের স্বার্থ, সম্ভাবনা ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরার সুযোগ তৈরি হবে।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সব মিলিয়ে এবারের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।