সেপ্টেম্বর ৫, ২০২৬, ০১:০৬ পিএম
ছবি : সংগৃহীত
মেসের দরজার ছিটকিনি আটকানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি মেসে সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী থাকেন। ওই মেসের দরজায় ছিটকিনি দেওয়া নিয়ে প্রথমে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বিষয়টি দুই বিভাগের অন্য শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
পরে দুই বিভাগের শিক্ষার্থীরা তিন নম্বর গেটের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। সেখানে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
রাত সোয়া ১১টার দিকে অর্থনীতি বিভাগের একদল শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের অপর পাশে ছাতিমতলা এলাকায় অবস্থান নেন। অন্যদিকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এক নম্বর গেটসংলগ্ন ভোলার রোড এলাকায় অবস্থান করছিলেন। এতে ক্যাম্পাসে ফের সংঘর্ষের আশঙ্কায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।