ছবি: সংগৃহীত
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা প্রায় দুই মাস পেছানোর বিষয়ে ভাবছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হলেও তা থেকে সরে এসে মার্চে পরীক্ষা শুরুর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
রোজা ও ঈদুল ফিতরের পর মার্চ মাসে পরীক্ষা শুরুর বিষয়ে ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামতও বিবেচনায় নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে মার্চে এসএসসি পরীক্ষা শুরুর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আলোচনা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে। সে হিসেবে রমজান ও ঈদুল ফিতর শেষে মার্চের মাঝামাঝি সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হতে পারে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে এবং ৬ ফেব্রুয়ারি শেষ হবে।
এদিকে ২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে।
গত ১৪ মে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেছিলেন, এসএসসি, এইচএসসি ও সমমানের ৪০ লাখ শিক্ষার্থীদের জন্য, ২ বছরে গ্যাপ নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ডিসেম্বর মাসকে শিক্ষা বছরের শেষ এবং পরীক্ষার মাস হিসেবে ধরা হবে।