ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করল আরব আমিরাত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৪:৪৩ পিএম

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করল আরব আমিরাত

প্রতীকী ছবি

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, চলমান উত্তেজনা শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে।

মঙ্গলবার রাতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি আমিরাতের জলসীমার বাইরে পড়ে এবং অন্যটি দেশটির জলসীমার ভেতরে আঘাত হানে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর অঞ্চলটির অন্য যেকোনো দেশের তুলনায় আমিরাতেই ইরানের হামলা বেশি হয়েছে। তবে সমঝোতা স্মারকে সইয়ের পর ইরান আমিরাতে আর কোনো হামলা চালায়নি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের ওই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, ‘এ অভিযোগ ভিত্তিহীন। আমিরাতের আচরণ সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা জোরদার ও অঞ্চলে নিরাপত্তাহীনতার বিস্তার ঠেকানোর চলমান প্রচেষ্টাকে ব্যাহত করে।’

Link copied!