কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ১১:৫৪ এএম

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন। কলকাতা পুলিশ জানিয়েছে, নিহত সবাই বাংলাদেশের নাগরিক।

আহতদের দ্রুত উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে পাঁচতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘হোটেল শিখা ইন’-এ অবস্থান করছিলেন।

হোটেলের আবাসিক গেস্ট মো. রফিকুল ইসলাম জানান, বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ২টার দিকে তিনতলায় আগুন লাগে। মুহূর্তেই পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সরু প্রবেশপথ এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন।

দমকল বাহিনীর সদর দপ্তরের কাছাকাছি ঘটনাটি ঘটায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী।

ভবনটিতে বিভিন্ন নামে আরও কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে মূলত বাংলাদেশ থেকে যাওয়া পর্যটক ও চিকিৎসাপ্রত্যাশী রোগীরা অবস্থান করেন। তবে অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট কতজন ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Link copied!