সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, ৩ শ্রমিকের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ১২:৩৩ পিএম

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, ৩ শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের একটি ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে অন্তত তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ (শুক্রবার) সকালে ইয়ার্ডে কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি জাহাজের ট্যাংক থেকে গ্যাস বের হতে দেখে ইয়ার্ডের সেফটি টিমের কয়েকজন সদস্য সেটি পরীক্ষা করতে যান। এ সময় গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেন, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এখন পর্যন্ত তিন শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি।

তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকের সঠিক সংখ্যা নিশ্চিত করতে না পারলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ফেরদৌস ওয়াহিদ।

এদিকে, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) চট্টগ্রামের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান জানান, দুর্ঘটনায় ১০ জন শ্রমিক আহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। অন্যদের সর্বশেষ অবস্থা জানতে খোঁজ নেওয়া হচ্ছে।

ট্যাংকার থেকে কীভাবে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ল এবং শ্রমিকদের জন্য ইয়ার্ডে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Link copied!