সাত সহকারী পুলিশ কমিশনার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) চাকরি থেকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ (শুক্রবার) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে ৭ সহকারী পুলিশ কমিশনারকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ৪৯ পুলিশ পরিদর্শককে চাকরি থেকে অবসর দেওয়ার কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২৩ জুলাই পুলিশের ডিআইজি পদমর্যাদার ৩ জনসহ ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ২ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।