কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৫:১৩ পিএম

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম | ফাইল ছবি

কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা গেছে। তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, পরিবার চাইলে নিহতদের মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করবে।

কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডে মোট নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে।

নিহতরা হলেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী। নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু। তার বাড়ি সাভারের আমিনবাজারের বেগুনবাড়িতে।

এদিকে দুর্ঘটনার পর উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Link copied!