আগস্ট ১০, ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি: সংগৃহীত
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।
আজ (সোমবার) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার ফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, সবচেয়ে বেশি ৭১ দশমিক ৬৩ শতাংশ পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে। অন্যদিকে সবচেয়ে কম ৫৫ দশমিক ৪৯ শতাংশ পাসের হার মাদরাসা শিক্ষা বোর্ডে।
শিক্ষা বোর্ডগুলোর মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। এ ছাড়া ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
এসএসসি ও সমমানে উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার একাদশ শ্রেণিতে ভর্তি হবে। শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এবারের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমও পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই সম্পন্ন হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, একাদশ শ্রেণিতে আগের মতোই এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। অর্থাৎ পুরনো পদ্ধতিতে মার্ক বা জিপিএর ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।