হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২৬, ০৬:৫৫ পিএম

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ শিশু।

আজ (রোববার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৫। এ সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৮ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৩ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৮৮ শিশু। একই সময়ে ৯৩৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৪২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৬ হাজার ৩২০ শিশুর হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ১৪ হাজার ১৪২ শিশু।

এ ছাড়া, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ১১৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Link copied!