ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এছাড়া পরীক্ষায় ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চার শিশুর এবং সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৭৬৪ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ জন।
এছাড়া, সারা দেশে নতুন করে ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ৮১৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৬ হাজার ৭৪০ জনের হাম শনাক্ত হয়েছে।
এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।