রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২৬, ০১:২২ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

ছবি: সংগৃহীত

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) ইসির কাছে এই তালিকা পাঠানো হয়।

সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বা ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ের কাছে চিঠি দিয়েছিল ইসি। সম্প্রতি ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটের কাছে অনুরোধ করা হয়েছে।

গত সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার শূন্য পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি চলছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন কেবল সংসদ সদস্যরা। তাই সংসদ সদস্যদের তালিকার ভিত্তিতেই ভোটার তালিকা প্রস্তুত ও প্রকাশ করবে নির্বাচন কমিশন।

Link copied!