ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নির্মিত জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্রে প্রকৃত ঘটনা তুলে ধরা হয়নি—এমন অভিযোগ তুলে শহীদ পরিবারের সদস্য, আহতদের কেউ কেউ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমর্থকদের একটি অংশ বিক্ষোভে অংশ নেন।
আজ (বুধবার) দুপুরে রাষ্ট্রপতির উপস্থিতিতে শুরু হওয়া অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথি, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহতরা অংশ নেন। বেলা ১২টার দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দীন আহমেদ, বীরবিক্রম অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই হট্টগোল শুরু হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিদেশি অতিথিদের কেউ কেউ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
পরিস্থিতি শান্ত করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্য সচিব আখতার হোসেন বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। প্রায় আধাঘণ্টা পর অনুষ্ঠান পুনরায় শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেন, বিভাজন সৃষ্টি হলে জুলাইয়ের চেতনা ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, জুলাইয়ের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাহী আদেশে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত নেবে।
পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দীন আহমদ হট্টগোলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদেশি অতিথিদের সামনে এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। একই সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনুষ্ঠানে জুলাইয়ের ঐক্যের কোনো লক্ষণ দেখা যায়নি।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, তিনি দেশে এলে রাজপথে দেখা হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনে একাত্তরের মতো আরেকটি মুক্তিযুদ্ধের কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে, জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রে থাকা ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
অন্যদিকে, রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনায় অনুষ্ঠান শেষে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।