আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৭:৩৮ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: সংগৃহীত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ (মঙ্গলবার) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্রবাদ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে।

পুলিশের নিরাপত্তা জোরদারের বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এটি পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। টহল বা দায়িত্ব পালনের সময় কেউ যেন অসতর্ক অবস্থায় না থাকে, সে জন্য নিয়মিতভাবেই সতর্ক করা হয়। বিষয়টিকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের অপতৎপরতার সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে সামাজিক মাধ্যমে উঁকিঝুকি মারা ছাড়া মাঠে কোনও প্রভাব ফেলার সামর্থ্য রাখে না।

তিনি আরও বলেন, এনসিপির ওপর ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত।

Link copied!