ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

অর্থ-বাণিজ্য ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৫:১৬ পিএম

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

ছবি: সংগৃহীত

অতিবৃষ্টির কারণে দেশে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ বেড়ে যায় দাম। একপর্যায়ে বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হয়। দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ভারতীয় ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচের চালান দেশে প্রবেশ করে। এর প্রভাবে মঙ্গলবার সকাল থেকে স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে প্রতি কেজি মরিচ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে কাঁচা মরিচের দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা।

ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় বেনাপোল, নাভারন, শার্শাসহ বিভিন্ন সবজির বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে গিয়েছিল। ভারতীয় মরিচ আমদানি শুরু হওয়ায় এখন দাম কমতে শুরু করেছে।

বেনাপোল-যশোর আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার দ্রুত আমদানির অনুমতি দিয়েছে। এর ফলে আমদানি শুরু হয়েছে এবং দাম কমছে। এতে ব্যবসায়ীরাও উপকৃত হচ্ছেন।

তিনি জানান, প্রতি কেজি কাঁচা মরিচের আমদানি মূল্য পড়েছে ১৩৫ টাকা। আমদানি আরও বাড়লে বাজারে দাম আরও নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, সোমবার রাতে মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে চালানটি খালাস করা হয়েছে।

Link copied!