চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন প্রায় ৬ হাজার কর্মী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০২:৪৪ পিএম

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন প্রায় ৬ হাজার কর্মী

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন অন্তত ১১টি শিল্পকারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তে চাকরি হারিয়েছেন প্রায় ৬ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কারখানাগুলোতে পৃথক বিজ্ঞপ্তি টানিয়ে বন্ধের ঘোষণা দেয়।

আকস্মিকভাবে কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই হঠাৎ কর্মহীন হয়ে পড়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রিফাইন্ড সুগার, সিমেন্ট, অয়েল, ভেজিটেবল অয়েল, স্টিল, কোল্ড রোল্ড স্টিলস, চেমন ইস্পাত, ব্যাগ ফ্যাক্টরি, পাওয়ার প্ল্যান্ট এবং পশুখাদ্য উৎপাদনকারী কারখানা। তবে বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট স্বাভাবিকভাবে চালু থাকবে।

প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে, ব্যাংক হিসাব জব্দ থাকায় এবং নতুন করে এলসি (লেটার অব ক্রেডিট) খোলা সম্ভব না হওয়ায় কাঁচামাল আমদানি বন্ধ হয়ে যায়। ফলে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রায় দুই বছর আগে এসব কারখানায় প্রায় ৮ হাজার কর্মী কাজ করতেন। পরে ধাপে ধাপে জনবল কমিয়ে আনা হয়। সর্বশেষ কর্মরত প্রায় ৬ হাজার কর্মীকেও ছাঁটাই করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, ছাঁটাই হওয়া কর্মীদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়েছে। তবে কারখানাগুলোর নিরাপত্তা ও বৈদ্যুতিক বিভাগের সীমিতসংখ্যক কর্মী এখনো দায়িত্ব পালন করছেন।

Link copied!