ফুটবলের পর এবার অভিনয়ে ক্রিস্টিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ০১:৩৯ পিএম

ফুটবলের পর এবার অভিনয়ে ক্রিস্টিয়ানো রোনালদো

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড ও সাফল্যের পর এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বড় বাজেটের টেলিভিশন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ তিনি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয়ও করবেন। ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিতব্য এই সিরিজে রোনালদোর সঙ্গে থাকছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি।

গোলের প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী রোনালদো ইতোমধ্যে প্রযোজনার কাজে যুক্ত হয়েছেন। তিনি ‘কিংসম্যান’ ফ্র্যাঞ্চাইজির জন্য পরিচিত নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে এই প্রকল্পে কাজ করছেন।

বিনোদন জগতে নতুন যাত্রা নিয়ে রোনালদো বলেছেন, ‘আমার জন্য এটা এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। সামনে নতুন নতুন কাজ ও চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’

জানা গেছে, ‘ডে ওয়ানস’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। সাম্প্রতিক সময়ের ফুটবলভিত্তিক কমেডি সিরিজগুলোর মতো হালকা গল্পের পরিবর্তে এতে ফুটবল দুনিয়ার নানা বাস্তবতা ও জটিল বিষয় তুলে ধরা হবে। ইতোমধ্যে ইংল্যান্ডের বারনেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।

রোনালদোর এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য ফুটবলের পাশাপাশি বিনোদন জগতেও নিজের স্বাক্ষর রেখে যাওয়া। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর মারভ স্টুডিওস বিনোদন অঙ্গনে নতুন ধারা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। এ প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এই প্রকল্পে কাজ করছেন ম্যাথিউ ভন।

রোনালদোর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ভন বলেছেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছে, যেগুলো আমি কখনো লিখতে পারতাম না। তাঁর সঙ্গে অনুপ্রেরণামূলক সিনেমা তৈরির অপেক্ষায় আছি।’

Link copied!