চীন এখন বাংলাদেশের কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ০২:১৯ পিএম

চীন এখন বাংলাদেশের কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ফাইল ছবি

চীন একসময় বাংলাদেশের উন্নয়ন অংশীদার ছিল, পরবর্তীতে বিনিয়োগ অংশীদার এবং বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ (সোমবার) চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এই অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ-চীনের পারস্পরিক বন্ধুত্বের অন্যতম নিদর্শন হতে যাচ্ছে। যাতে বড় সংখ্যায় বাংলাদেশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হচ্ছে।

তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে এবং এই অর্থনৈতিক অঞ্চল দুই দেশের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীসহ স্থানীয় সংসদ সদস্যরা।

প্রায় ৮০০ একর জায়গাজুড়ে নির্মিত হতে যাওয়া এই অর্থনৈতিক অঞ্চল তৈরিতে ব্যয় হচ্ছে ৪ হাজার ১০০ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৭২২ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার এবং ২ হাজার ৪৬৭ কোটি টাকা চীনা ঋণ হিসেবে দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে অর্থনৈতিক অঞ্চলটির নির্মাণকাজ শেষ হওয়ার লক্ষ্য রয়েছে। তবে আগামী ১৮ মাসের মধ্যেই সেখানে উৎপাদন কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।

Link copied!