বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ০৩:৩২ পিএম

বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ক্যারিয়ারের শুরুর দিকের একটি তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সুন্দরবনে একটি ছবির শুটিং করতে গিয়ে এক সহ-অভিনেতার সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হয়ে নোরা এ ঘটনা তুলে ধরেন। তিনি জানান, তাঁর প্রথম চলচ্চিত্র ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’-এর শুটিং চলাকালে ঘটনাটি ঘটে। ২০১৪ সালে বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে ছবিটির শুটিং করা হয়েছিল।

নোরার ভাষ্য অনুযায়ী, এক সহ-অভিনেতা তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় তিনি ক্ষুব্ধ হয়ে প্রথমে ওই অভিনেতাকে চড় মারেন।

নোরা বলেন, ‘আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা খুবই অসভ্য ব্যবহার করছিল। তাই আমি ওকে চড় মেরেছিলাম।’

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে জানান নোরা। তাঁর দাবি, ওই অভিনেতা পাল্টা তাঁকে চড় মারেন এবং তাঁর চুল টেনে ধরেন। জবাবে তিনিও ওই অভিনেতার চুল ধরে টানেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিচালক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাটি স্মরণ করে নোরা বলেন, ‘আমি আরও একবার ওকে চড় মারি। তারপর ও আমার চুল টানে। আমিও ওর চুল টেনে ধরি। তারপর বড় ঝগড়া বেঁধে যায়। শেষ পর্যন্ত পরিচালক এসে আমাদের থামান।’

কপিল শর্মা বিষয়টি নিয়ে রসিকতা করলে নোরা বলেন, ‘সত্যি বলছি, লোকটার আচরণ একেবারে কুকুরের মতো ছিল।

তবে ওই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি নোরা ফাতেহি।

উল্লেখ্য, ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ ২০১৪ সালের একটি অ্যাডভেঞ্চার থ্রিলার চলচ্চিত্র। কমল সদানা পরিচালিত ছবিটি ওই বছরের ৩১ অক্টোবর মুক্তি পায়। এতে নোরা ফাতেহির পাশাপাশি অভিনয় করেছেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর ও সুব্রত দত্ত। ছবিটির উল্লেখযোগ্য অংশের শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে।

Link copied!